প্রকাশ: রোববার, ২৮ মার্চ, ২০২১, ৩:০৩ এএম (ভিজিট : ৮১৬)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য মোদি ভোট চাইতে গিয়েছেন। মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করে তিনি বলেন, রাজ্যে ভোট গ্রহণ শুরুর দিন বিদেশের মাটিতে মোদির এমন কর্মকাণ্ড মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে প্রভাব ফেলতে পারে।
শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি মন্দিরে যখন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন মোদি, তখন পশ্চিম মেদিনীপুরের সভা থেকে তাকে আক্রমণ করেন মমতা। নির্বাচনী বিধিভঙ্গ করায় মোদীর ভিসা বাতিল হবে না কেন, সেই প্রশ্নও তুলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় বাংলাদেশি অভিনেতা ফেরদৌস পশ্চিমবঙ্গে গিয়ে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিলে অংশ নিয়েছিলেন। ওই ঘটনা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন অভিযোগ করে সে সময় ফেরদৌসের ভিসা বাতিল করে দেয় কেন্দ্রের বিজেপি সরকার। এবার মোদির ওড়াকান্দিতে মতুয়া মন্দির পরিদর্শনের ঘটনায় সেই প্রসঙ্গ সামনে আনলেন মমতা।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সভায় তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি নির্বাচনী বিধি ভেঙে একটি বিশেষ সম্প্রদায়ের মন্দিরে গেলেন। সেখানে মতুয়াদের সমর্থন আদায়ের জন্য আশীর্বাদ নিলেন। আমার প্রশ্ন, এবার কেন মোদির ভিসা বাতিল করা হবে না?’
মমতা বলেন, ‘ভোটের সময় আপনি বাংলাদেশে কেন? আপনি যদি ভোট চলাকালীন বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা-পাসপোর্ট কেন বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। কখনও বলছে বাংলাদেশ থেকে মমতা সব অনুপ্রবেশ করিয়েছে, আবার কখনও বাংলাদেশে গিয়ে মার্কেটিং করছে। কে ঠিক আর কে ভুল, তার জবাব চাই। নইলে যতদূর যাওয়ার আমরা যাব।’
ভোরের পাতা- এনই